মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় বারের মতো অঞ্চলটিতে আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলের দখলদার বাহিনী বলছে, গাজায় রকেট ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত একটি ভূগর্ভস্থ স্থাপনায় এবার হানা দিয়েছে তাদের যুদ্ধবিমান।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) মধ্যরাতে উপত্যকাটির মধ্যাঞ্চলে এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও সেই হামলায় কোনো ধরনের হতাহত হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে সে বিষয়ে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ইসরায়েলের বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলের আল-বুরেইজি শরণার্থী শিবিরে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে একইদিন রাতে গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এতে সেখানকার একটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। যদিও সেই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ।
তেল আবিব প্রশাসন বলছে, অবরুদ্ধ উপকূলীয় উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার পর গাজা থেকে পরবর্তী সময়ে আরও চারটি রকেট নিক্ষেপ করা হয়। যদিও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেটকে সফলতার সঙ্গে আটকে দেয়।
যদিও ফিলিস্তিনের কোনো গোষ্ঠী কিংবা সংগঠন এখন পর্যন্ত ইসরায়েল লক্ষ্য করে চালানো ওই রকেট হামলার দায় স্বীকার করেনি। বিবৃতির মাধ্যমে গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস বলছে, ইসরায়েলের বোমা হামলা কেবল দখলদারির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন জোরদারে উৎসাহ জোগাবে। এমনকি জেরুজালেম এবং ফিলিস্তিনি জনগণের মাঝে তাদের সমর্থন আরও বৃদ্ধি পাবে।
গত শুক্রবার জুমআর নামাজের সময় অতর্কিতভাবে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ করে গ্রেফতার অভিযান চালায় ইসরায়েলের দখলদার বাহিনী। গেল ২০ বছরের বেশি সময় পর মসজিদ চত্বরটিতে মাত্র এক ঘণ্টার অভিযানে ৩ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়। এ সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫৮ ফিলিস্তিনি আহত হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, মসজিদ এলাকায় ইসরায়েলি পুলিশ একের পর এক টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করছে। অন্য দিকে নিরস্ত্র ফিলিস্তিনি মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারছে।